খাগড়াছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে ৩৫ সাংবাদিকের জিডি

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম কর্তৃক ফটো সাংবাদিক নিরব চৌধুরীকে নির্যাতনের প্রতিবাদে জেলার কর্মরত পেশাজীবী সাংবাদিকরা মঙ্গলবার সকালে শহরে মানববন্ধন করেছেন।
 
এসময় মেয়রের সমর্থকরা উস্কানিমূলক শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং মানববন্ধনের সামনেই অবস্থান নিয়ে  সাংবাদিকদের হত্যার হুমকি দেয়। এবং সাংবাদিকদের ভাড়া করা মাইকটি কেড়ে নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার করে। মানববন্ধনে জেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
 
এদিকে পরে সাংবাদিকরা র‌্যালি সহকারে গিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী এবং সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ঘটনা সম্পর্কে অবহিত করেন। জীবনের নিরাপত্তা দাবী করেন।
 
এই ঘটনায় উদ্বিগ্ন অন্তত ৩৫জন সাংবাদিক তাৎক্ষনিভাবে খাগড়াছড়ি সদর থানায় গিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন। এ ব্যাপারে সাংবাদিক নিরব চৌধুরী পৃথক সাধারণ ডায়রি দায়ের করেন।
 
উল্লেখ্য, যে গত রবিবার চেঙ্গীনদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে একটি দৈনিক পত্রিকার ফটো সাংবাদিক নিরব চৌধুরীকে মেয়র রফিকুল আলমের সমর্থকরা ধরে পৌরসভায় নিয়ে যায়। সেখানে মেয়র রফিকুল নিজেই তাকে মারধর করলে নীরব চৌধুরীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
 
ইত্তেফাক/এসএস