খুলনা জেলা পরিষদ নির্বাচনে পাঁচ ম্যাজিস্ট্রেট নিয়োগ

আগামী ২৮ ডিসেম্বর খুলনা জেলা পরিষদের নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার খুলনা জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেন।
 
আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনের পরদিন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা মহানগর, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। বর্ণিত অধিক্ষেত্রের আওতাধীন চারটি ভোটকেন্দ্র হলো- ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তন, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও ডুমুরিয়াস্থ শহীদ জুবায়েদ আলী মিলনায়তন এবং খুলনা জিলা স্কুল।
 
পাইকগাছা ও কয়রা উপজেলায় দায়িত্ব পালন করবেন পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমূল হক। এ দু’টি উপজেলার চারটি ভোটকেন্দ্র হচ্ছে- পাইকগাছার এইচ এফ মৌখালী ইউনাইটেড একাডেমি, পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তন ও পাইকগাছার কাটামারীস্থ লতা ইউনিয়ন পরিষদ এবং কয়রা উপজেলা পরিষদ মিলনায়তন।
 
দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় দায়িত্ব পালন করবেন বটিয়াঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল। দাকোপ ও বটিয়াঘাটার চারটি  ভোটকেন্দ্র হলো- দাকোপ উপজেলার চালনা বাজার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও বাজুয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বটিয়াঘাটা উপজেলার কাতিয়া নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রগতি মাধ্যমিক বিদ্যালয়।
 
রূপসা ও তেরখাদা উপজেলায় দায়িত্বপালন করবেন খুলনা সদর-এর সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল হালিম। এ অধিক্ষেত্রের দু'টি ভোটকেন্দ্র যথাক্রমে রূপসা উপজেলা পরিষদ মিলনায়তন এবং তেরখাদা ইখড়ী কাটেংগা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়।
 
দিঘলিয়া উপজেলায় দায়িত্ব পালন করবেন দিঘলিয়ার সহকারী কমিশনার (ভূমি) বিষ্ণুপদ পাল। এ উপজেলার একটি ভোটকেন্দ্র হচ্ছে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তন।
 
পিআইডি'র এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ১৫টি ভোট কেন্দ্রে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে 'স্থানীয় সরকার জেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬' এর লঙ্ঘন সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএস