কপিলের বাড়িতে শোকের মাতম

ঢাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে মেধাবী ছাত্র কপিলের গোপালগঞ্জের কোটালীপাড়ার বাড়ীতে এখন চলছে শোকের মাতম।
 
মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার পাখরপাড় গ্রামে কপিলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। ছেলের মৃত্যু সংবাদ শুনে মা রেখা রানী বাড়ৈ বার বার মূর্ছা যায়। খবর পেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন কপিলের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা ভরত চন্দ্র বাড়ৈ।
 
কপিল ভদ্র মেধাবী ছাত্র ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। দুই ভাইয়ের মধ্যে কপিল ছোট। সে উপজেলার হাজরা বাড়ী টিকরীবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি পাশ করে। ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে ভর্তি হয়। এখানে সে কম্পিউটার সাইন্সয়ে অধ্যয়নরত ছিল।
 
কপিলের কাকাতো ভাই শেখর চন্দ্র ওঝা জানান, গত ১৬ ডিসেম্বর থেকে কপিল নিখোঁজ ছিল। মঙ্গলবার ঢাকায় অবস্থানরত আমাদের আত্মীয়স্বজন ফোন করে কপিলের লাশ উদ্ধারের কথা জানান।
 
ইত্তেফাক/এসএস