১০ হাজার নার্স নিয়োগ বিজয় দিবসে শেখ হাসিনার বড় উপহার: মোহাম্মদ নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সারাদেশে বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় ১০ হাজার নার্স নিয়োগ এবার মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এক মেয়াদ দেশ পরিচালনার সুযোগ পেলে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হবে। এদেশের স্বাস্থ্যসেবার অগ্রগতি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট প্রঙ্গনে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং  নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত নবনিযুক্ত নার্সদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 
গত ১৫ ডিসেম্বর সারদেশে নতুন ৯ হাজার ৪৭৮ সিনিয়র স্টাফ নার্স সারাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১০ হাজার নার্স নিয়োগের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এতো বিপুল সংখ্যক নার্স নিয়োগ দেয় সরকার। এরমধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলোতে নার্স সংকটের সমাধানের পথে কয়েক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এটা দেশের চিকিত্সা সেবার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
 
পরিবারের সদস্য মনে করে সকল রোগীর সেবা দিতে নার্সদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে যে সকল রোগীরা আসবেন তাদের আপনারা বাবা-মা, ভাই-বোন মনে করে সেবা দিবেন। সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিজেরা নিয়োজিত থাকবেন। মোহাম্মদ নাসিম বলেন, একযোগে সারাদেশে ১০ হাজার নার্স নিয়োগের ঘটনা স্বাস্থ্য সেবা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায়  স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়। তাই আপনারা জনগনের সেবক হিসাবে গভীর দেশপ্রেম, ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে রোগীদের সেবা করবেন।  দেশের মানুষের সেবাই নার্সদের প্রধান দায়িত্ব এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এ লক্ষ্য থেকে আপনাদের বিন্দুমাত্রও বিচ্যুত হওয়া চলবে না। কেননা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার প্রতিটি পয়সা এ দেশের সাধারণ মানুষের। তাই আপনারা রোগীদের মায়ের আদর, বোনের ভালবাসা নিয়ে সেবা দিবেন। তিনি বলেন, মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা যে অঙ্গীকার করেছিলেন তা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মানুষের সেবা দিতে চাই। আমরা চাই গ্রামের প্রতিটি মানুষ সঠিকভাবে যেন স্বাস্থ্য সেবা পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন মায়ের স্নেহ নিয়ে দেশের জন্য কাজ করছেন, তেমনি আপনারা রোগীদের সেবা করবেন।
 
এর আগে মন্ত্রী সারাদেশের বিভিন্ন জেলায় নতুন যোগদানকৃত নার্সদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন এবং সঠিকভাবে রোগীদের সেবাদিতে নার্সদের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী  মিডওয়াইফারি সার্টিফিকেট কোর্সের ১ম ব্যাচের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রাজশাহী নার্সিং কলেজের  নাসিমা খাতুনের হাতে সনদ তুলে দেন।
 
স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নার্স সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পিএসপির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোস্তফা সরোওয়ার প্রমুখ।

ইত্তেফাক/এএন