টেকসই বেড়িবাঁধের দাবিতে শরণখোলায় মানবপ্রাচীর

শরণখোলায় নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের প্রাপ্য টাকা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নদী শাসন বাস্তবায়ন আন্দোলন কমিটির ব্যানারে গতকাল মঙ্গলবার বলেশ্বর নদতীরবর্তী সাউথখালীর গাবতলায় এক কিলোমিটার এলাকা জুড়ে মানবপ্রাচীর গড়ে তোলা হয়।

 
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে আন্দোলন কমিটির আহবায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, শরণখোলাবাসীর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ছয়শ কোটি টাকা ব্যয়ে এ বছর ওই বাঁধ নির্মাণ শুরু হয়। কিন্তু নদী শাসন না করে বেড়িবাঁধ নির্মাণ তা টেকসই হবে না। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়েই চায়নার ‘এইচসিডব্লিউই’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ বাঁধ নির্মাণ শুরু করেছে। অন্যদিকে নদী শাসন না করে কাজ চলার মধ্যেই বাঁধের বিশাল বিশাল এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এলাকাবাসীর দাবি ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা মিটিয়ে নদী শাসন করে বাঁধ নির্মাণ করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের মুখে বাঁধ নির্মাণ কাজ প্রতিহত করা হবে।
 
সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক আকন আলমগীর, মুক্তিযোদ্ধা আ. রউফ মল্লিক, সাবেক ভাইস চেয়ারম্যান রিনা আক্তার সাগর, যুবলীগ নেতা আবুল হোসেন নান্টু, প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম, সদস্য ফরিদ খান মিন্টু, মাষ্টার শহিদুল ইসলাম খান, ইমরান হোসেন রাজিব, ইউপি সদস্য জাকির হোসেন, আ. হালিম শাহ, রিয়াদুল পঞ্চায়েত প্রমুখ।

ইত্তেফাক/এএন