ভোটাররা কেন্দ্রে আসবে কি-না, সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, 'ভোটাররা ভোট কেন্দ্রে আসবে কি আসবে না সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো ভোটের জন্য আমার কতটুকু পরিবেশ নিশ্চিত করতে পেরেছি'। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'নির্বাচন কমিশন তার জায়গা থেকে শতভাগ নির্বাচনের পরিবেশ তৈরী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এতে কোন ধরণের কমতি নেই। ভোটাররা ভোট কেন্দ্রে আসবে কি আসবে না সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো ভোটের জন্য আমার কতটুকু পরিবেশ নিশ্চিত করতে পেরেছি। আমার ধারণা, দেশের বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ না করায় ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত মনোভাবের অভাব দেখা দিয়েছে'।

আওয়ামী লীগের ভোটারাও কেন নির্বাচনে ভোট দিতে আসছেনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'এটা তাদের রাজনৈতিক ব্যাপার, আমিতো আর আওয়ামী লীগ করি না। নির্বাচনে নেতিবাচক দিকে ফেনী বরাবরই দেশ আলোচিত হয়, এ নির্বাচনেও তেমন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে জেলা আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে সর্বাত্মক ভূমিকা পালন করতে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। আশা করা যায় ফেনীতে ইভিএম পদ্ধতিতে ভোটে সারাদেশে ইতিবাচক দৃষ্টি ভঙ্গি সৃষ্টি হবে'।

ফেনীতে আসন্ন উপজেলানির্বাচনের বিষয়ে তিনি বলেন, 'ফেনীতে ভোট নিয়ে অন্য কোন উদাহরণ নয়, ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে সফল এই উদাহরণ সৃষ্টি হোক। আপনারা জদি মনে করেন ইভিএম পদ্ধতি ভালো সেটাও বলবেন। সন্ত্রাসীদের হাত হতে ভোটারদের ভোটাধিকার রক্ষা করা, এটা একটা প্রচেষ্ট আমাদের, উদ্যোগ আমাদের, স্বপ্ন আমাদের। আমাদেরকে যদি সমর্থন থাকে, আপনারা যদি মনে করেন ভালো, সেই ব্যালট বক্সের সিস্টেম থেকে সংস্কৃতি থেকে তাহলে আমাদেরকে সমর্থন করবেন'।

নির্বাচন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে ভবিষ্যতে ভোটারদের কোন ধরনের প্রনোদনা ব্যবস্থা রাখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্মিত হেসে উঠে তিনি বলেন, 'এ ধরনের কোনো পরিকল্পনা নেই'।

আরও পড়ুন:  পাবনায় বন্ধুকে হত্যার দায়ে স্কুলছাত্রের তের বছরের আটকাদেশ

এ সময় ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. খালেদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রবিউল ইসলাম, ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভিন সহ ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফেনীতে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ রবিবার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল ১১টায় ফেনী সার্কিট হাউজে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে দিকনির্দেশনা প্রদান করেন। বিকালে ৪টায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি শহরের মিজান রোডের জেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন করেন।

ইত্তেফাক/ জেডএইচডি