ইন্দোনেশিয়ায় বোমা উদ্ধারের পর গুলিতে নিহত ৩

 
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ। এরপর সেখানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিনজন নিহত হয়েছেন। বুধবার পুলিশের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। 
 
জাকার্তা ও আশেপাশের এলাকায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে এরকম অভিযোগে ১৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে- এমন তথ্য জানানোর পর এই অভিযান পরিচালনা করল পুলিশ। 
 
জাতীয় পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো বলেছেন, অভিযান পরিচালনার সময় ভেতর থেকে বোমা ছুড়ে মারা হয়। অবশ্য সেটি বিস্ফোরিত হয়নি। 
 
তিনি জানান, বাড়ির ভিতরে আমরা আরো বড় বোমা পেয়েছি। এখন সেটা নিষ্ক্রিয় করার চেষ্টা করছি।
 
এক সন্দেহভাজনকে জীবিত পাওয়া গেছে। দক্ষিণ তানগেরাং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আই সুপারদান বলেছেন, প্রাথমিকভাবে ঐ সন্দেহভাজনকে জিজ্ঞাস করে জানা গেছে, বছরের শেষে বড় বোমাটি বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। খবর: রয়টার্স।
 
 
ইত্তেফাক/এএসএস