ফরিদপুরের সালথা উপজেলায় এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. এসকেন সরদার (৪৫) উপজেলার দক্ষিণ আটঘর গ্রামের মৃত মাজিদ সরদারের ছেলে।
বুধবার সকালে উপজেলার জয়কাইল কালীবাড়ি এলাকার একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘মঙ্গলবার বিকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। বুধবার গ্রামের একটি জুয়ার আসরের পাশে তার লাশ পাওয়া যায়। এসকেনও মাঝে মাঝে এখানে জুয়া খেলতেন। কয়েক দিন আগে এসকেনের সঙ্গে কয়েক জনের বাক্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে এসকেনকে হত্যা করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, ‘এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তদন্ত করে পরে বলা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ