বার্লিন হামলায় বুন্দেসলিগায় শোক পালন

মঙ্গলবার বুন্দেসলিগার চারটি ম্যাচের আগে বার্লিনে বড়দিনের মার্কেটে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড পড়ে খেলতে নেমেছে।
 
ডর্টমুন্ড, মোয়েচেনগ্ল্যাবাখ, হামবুর্গ ও ফ্র্যাংকফুর্ট স্টেডিয়ামে আগত সমর্থকরা এসময় সন্ত্রাসী হামলা আহত-নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এ সম্পর্কে এক বিবৃবিতে জার্মানি ফুটবল লিগের (ডিএফএল) সভাপতি ড. রেইনহার্ড রাওবল বলেছেন, ‘এর মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি, একইসাথে আমরা যে সন্ত্রাসের বিরুদ্ধে থেকে সকল জার্মান নাগরিকের পাশে আছি সেটাও জানান দিচ্ছি।এই হামলায় ক্ষতিগ্রস্ত সকলের পাশেই পেশাদার ফুটবলাররা আছে, হামলায় আহত প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা করছি। সোমবার রাতে বড়দিনের শান্তিপূর্ণ মার্কেটে যা হয়েছে তা নিয়ে আমরা সবাই দুঃখিত।’
 
বুধবারও দেশের আরো যে পাঁচটি স্টেডিয়ামে ম্যাচ রয়েছে সেখানেও এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঘরের মাঠে হেরথা বার্লিন বনাম ডার্মস্ট্যাডের মধ্যকার ম্যাচটি। এই ম্যাচটি যে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেখান থেকে মাত্র সাত কিলোমিটার দুরে গত সোমবার সন্ধ্যায় একটি জনাকীর্ণ বাজারে ট্রাক হামলায় ১২জন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন।
 
ইত্তেফাক/এমএইচ