প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের ভার ঢাকা মহানগরে গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম এ মামলার তদন্ত করবে।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করার প্রত্রিুয়া শুরু হয়েছে।
অপরদিকে কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম মামলাটি তদন্ত করার তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিমানের পরিচালক (রক্ষণাবেক্ষণ) উইং কমান্ডার (অব.) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে চিফ টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। দায়ের করা মামলার নম্বর ২৩।
মামলায় অপর আসামিরা হলেন, বিমানের চিফ ইঞ্জিনিয়ার (প্রডাকশন) দেবেশ চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড মেইনটেনেন্স) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান ও জাকির হোসাইন।
ইত্তেফাক/ইউবি