বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও চেতনা সবার মাঝে জাগ্রত করতে হবে।
তিনি বলেন, 'মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত সন্তান। আওয়ামী লীগ সরকারের আমলেই মুক্তিযোদ্ধাসহ ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের মূল্যায়ন করা হয়।'
চাঁদপুরের হাইমচর উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রজন্ম বাংলাদেশের আয়োজনে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বুধবার এ কথা বলেন।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে পথে এগিয়ে চলেছে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, 'কোন অপশক্তি এ উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে পারবে না।'
তিনি বলেন, 'জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে তার দেখানো পথে এগিয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।' বিজয় মেলা যেন হাইমচরবাসীর মিলন মেলায় পরিণত হয় সেদিকেও তিনি মেলা কর্তৃপক্ষকে খেয়াল রাখার আহবান জানান।
হাইমচর উপজেলা সদর আলগীবাজার দুর্গাপুর উচ্চবিদ্যালয় মাঠে জঙ্গিবাদ ও মৌলবাদ মুক্ত হাইমচর গঠনের লক্ষ্যে ১১ দিনব্যাপী এ বিজয় মেলার আয়োজন করা হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস