আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে আশুলিয়া থানায় এই মামলা দুটি করেন শিল্পাঞ্চলের জামগড়া এলাকার উইন্ডি গ্রুপ ও উত্তর বাইপাইল এলাকার ফাউন্টেন গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষ।
মামলা দুটিতে ৩৮ শ্রমিকের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামে আসামি করা হয়েছে দেড় শতাধিক শ্রমিককে।
উইন্ডি গ্রুপের দায়ের করা মামলাটির বাদী হয়েছেন কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক মাসুদ হোসেন। এই মামলায় ২০ শ্রমিকের নাম উল্লেখ এবং শতাধিক অজ্ঞাত শ্রমিককে আসামি করা হয়েছে। এদের মধ্যে বিকেলে দুই জনকে আটক করার খবর পাওয়া গেছে।
এদিকে ফাউন্টেন গার্মেন্টস লিমিটেডের দায়ের করা অপর মামলার বাদীর নাম জানা যায়নি। তবে এই মামলায় ১৮ জন শ্রমিকের নাম উল্লেখ এবং ৬০ জন অজ্ঞাত শ্রমিককে আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি মহসিন উল কাজী মামলা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমএইচ