স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। সমপ্রতি চীন সফরকালে স্বাস্থ্যমন্ত্রী সে দেশের সরকার ও উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে এ ধরনের একটি হাসপাতাল নির্মাণে সহায়তা চান। খুব শিগগিরই চীনের একটি প্রতিনিধি দল হাসপাতাল নির্মাণে সমীক্ষা চালাতে বাংলাদেশে আসবে। এক্ষেত্রে দেশি-বিদেশি উদ্যোক্তাদেরও স্বাগত জানাবে সরকার। গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে ‘মহান বিজয়ের মাস ও বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিত্সা নিশ্চিত করতে শিল্পপতি ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসা উচিত। তাঁরা যদি নিজ উদ্যোগে সরকারি হাসপাতালে একটি ল্যাবরেটরি বা একটি ওয়ার্ড নির্মাণ করে দেন অথবা একটি আধুনিক মেশিন ডোনেট করেন তাহলে গরিব মানুষরাই উপকৃত হবেন।
ইত্তেফাক/এএন