মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। ফরিদপুর মহাসড়কের কলাবাড়ী ও রাজৈরে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ নারীসহ এ ৮ জন নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ৪৫জন জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ, আহত ব্যক্তিগণ এবং চিকিৎসক সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের দরবার শরীফ থেকে মাদারীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় আসছিলো। মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ী নামক স্থানে সকাল ১১টার দিকে পৌঁছুলে ফরিদপুরগামী কাঠ ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে সাইড দেয়। সে সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার আমরাতলা গ্রামের হাসিয়া বেগম(৫০), খৈয়ারভাঙ্গা গ্রামের রাসু বেগম (৩৫), নয়ন হাওলাদার (৫০), ডাশার থানার আটিপাড়া গ্রামের সজিব(১৩), হাবিব হাওলাদার (৫০), আম্বিয়া বেগম (৬৫) এবং পান্থাপাড়া গ্রামের আব্বাস খান।
আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মারাত্মক আহত হয়েছেন, সোবাহান (৪৫), মুজাম হাওলাদার ((৫০), হাসিনা। তাদেরসহ আরও ২৮জনকে মাদারীপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শশাংক চন্দ্র ঘোষ ৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মাদারীপুর ও রাজৈর দমকল বাহিনী ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, বেসরকারি অ্যাম্বুলেন্স এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করে।
এলাকার সাহসী যুবক প্রত্যক্ষদর্শী নান্নু মিয়া জানান, ‘দুর্ঘটনার পর আমি পলায়নপর ট্রাকটিকে ধাওয়া করে রাজৈর উপজেলার রাবেয়া পেট্রল পাম্পে এসে আটক করে পুলিশে দিই।’
দুর্ঘটনার পর রাস্তার উভয় পাশে ৫ কিলোমিটারব্যাপী কয়েকশত যানবাহন আটকা পড়ে।। পুলিশে দ্রত রাস্তা ক্লিয়ার করে দিলে দুই ঘন্টার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয় ।
মাদারীপুর মডেল থানার ওসি (তদন্ত) সরদার সিরাজুল ইসলাম জানান, নিহত ও আহতরা সকলেই চন্দ্রপাড়া পীরের মুরীদ। দুর্ঘটনা কবলিত সুবিন নবীন বাসটি (নাটোর ব ০০৬৪) ও ট্রাকটি (ঢাকা মেট্রো ট ২২৭১৩১) আটক করা হয়েছে ‘
অপরদিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার আমগ্রাম বাবনাতলা নামক স্থানে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম বেপারী (২৫) মারা যায়। নাঈম মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকার ইব্রাহিম বেপারীর ছেলে এবং মাদারীপুর বিকাশের এসআর ছিল। সকালে বিকাশের কাজের জন্য তিনি মোটরসাইকেল নিয়ে মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিলেন।
আরও পড়ুনঃ যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমল্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। রাজৈর থানার এসআই জাহিদ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু