বুড়িগঙ্গায় আজ থেকে উচ্ছেদ অভিযান

 

বুড়িগঙ্গা চ্যানেলে অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে সরকারের তিনটি সংস্থা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এই উচ্ছেদ অভিযান শুরু হবে পুরান ঢাকার ইসলামবাগ থেকে।

 

ইসলামবাগের আদি বুড়িগঙ্গা চ্যানেলসংলগ্ন টাংকিঘাট থেকে এই উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন হবে। অভিযান পরিচালনা করবে সরকারের তিনটি সংস্থা-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) । নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মেয়র সাঈদ খোকন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ সকল সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন।

 

এ অভিযানের মাধ্যমে বুড়িগঙ্গার আদি বৈচিত্র্য ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জানা গেছে, আদি বুড়িগঙ্গা চ্যানেল ইসলামবাগ থেকে শিকদার মেডিক্যাল পর্যন্ত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করার লক্ষ্যে অভিযানটি পরিচালিত হবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, একসময়ের স্বচ্ছ বুড়িগঙ্গা এখন দখলে-দূষণে প্রাণ হারিয়েছে। এই নদীর হারানো রূপ ফিরিয়ে দিয়ে হাতিরঝিলের আদল দেওয়ার পরিকল্পনা রয়েছে ডিসিসি দক্ষিণের। এ লক্ষ্যে সংস্থাটি একটি প্রকল্পও গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়নের অংশ হিসেবেই এই অবৈধ দখল উচ্ছেদ এবং বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে তিন মাস চলবে এ অভিযান। প্রথম অবস্থায় সম্পূর্ণ নিজস্ব জনবল এবং যন্ত্রপাতি দিয়ে কাজটি শুরু করা হবে। পরবর্তী সময়ে প্রকল্পের আওতায় বাকি কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ডিসিসি দক্ষিণের।