দিনাজপুরে মিশনের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

দিনাজপুর সদর উপজেলায় মিশন স্কুলের এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শুকু সরেন (৪৮) সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের আওলিয়াপুর গ্রামের লক্ষ্মণ সরেণের ছেলে।
 
বুধবার রাতে দিকে সদর উপজেলার কসবা আওলিয়াপুর মিশন স্কুলে এ হত্যাকাণ্ড ঘটে। প্রসঙ্গত, বুধবার শুকু এ মিশন স্কুলে নৈশ প্রহরী হিসেবে যোগদান করেছিলেন। এদিন রাতেই এ ঘটনা ঘটলো।
 
পুলিশ জানায়, রাত একটার দিকে দুর্বৃত্তরা শুকুকে কুপিয়ে আহত করে। এ সময় মিশনের লোকজন তাকে উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করায়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হাসপাতালেই লাশের ময়নাতদন্ত চলছে।
 
স্থানীয় মহিলা ওয়ার্ড কমিশনার মাসতুরা বেগম পুতুল বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ওই মিশনের নিরাপত্তা নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয় নাই। বুধবার দুপুরেও আমি পুলিশকে নিরাপত্তার শঙ্কায় অভিযোগ করেছি।’
তার অভিযোগ, পুলিশ কার্যকর ভূমিকা পালন করলেই এ হত্যাকাণ্ড ঘটতো না।
 
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ