হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে। ব্যাথা এবং অস্বস্তিতে ভোগার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গতকাল ২১ ডিসেম্বর খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকস্থলী ও অন্ত্রের প্রদাহে আক্রান্ত ধর্মেন্দ্র কয়েকদিন ধরেই অসুস্থ। গতকাল এ অভিনেতার পরিবার তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করেন।
নানাবতী হাসপাতালে এ অভিনেতার চিকিৎসক ডা. বিশেষ আগরওয়াল জানিয়েছেন, গ্যাস্ট্রিকের সমস্যায় তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি সুস্থের পথে এবং কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন।
১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র। সম্প্রতি নিজের ৮১তম জন্মদিন উদযাপন করেছেন তিনি। ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরা সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার।
ইত্তেফাক/এমএআর