সুজানগরে বিদ্যালয়ের ছাদ ধসে হতাহতের আশঙ্কা

পাবনার সুজানগর উপজেলায় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধসে হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।
 
জানা গেছে, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের ওই ভবনটি ১৯৯৩ সালে নির্মাণ করা হয়। চার কক্ষ বিশিষ্ট ওই ভবনটি নির্মাণোত্তর দীর্ঘ দুই যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও এ পর্যন্ত সংস্কার করা হয়নি। যে কারণে ভবনটিতে মারাত্মক ফাটল ধরার পাশাপাশি অধিকাংশ জায়গা থেকে পলেস্তরা খসে রড বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে পানি চুইয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হয়। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানান, বিদ্যালয়ের চারটি ভবন যেকোনো মুহূর্তে ধসে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা হতাহত হতে পারে। কিন্তু তারপরও শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিকল্প কোনো ভাবনা না থাকায় দিনের পর দিন ঝুঁকিপূর্ণ ওই ভবনেই চলছে কমলমতী শিশুদের পাঠদান।
 
উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঝুঁকিপূর্ণ ওই ভবনের তালিকা পাঠিয়েছি। বরাদ্দ পেলে নতুন ভবন নির্মাণ করা হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ