বৃহস্পতিবার ২২ ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী 'সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব'। নাট্যাভিনেতা ও নির্দেশক প্রয়াত সৈয়দ মহিদুল ইসলামের স্মরণে এ আয়োজন করেছে তার দল 'ব্যতিক্রম নাট্যগোষ্ঠী'। দলের ৪০ বছর পূর্তি ও প্রতিষ্ঠাতার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন।
সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এবং মহিদুল ইসলাম স্মরণ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়াও উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান, লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, গোলাম কুদ্দুছ ও আকতারুজ্জামান।
সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর থিয়েটারের নাটক 'আমি ও রবীন্দ্রনাথ'। রচনা ও নির্দেশনায় নূনা আফরোজ। রাত সাড়ে ৮টায় থাকছে সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা।
এ বছর সম্মাননা পাচ্ছেন মঞ্চজননী ফেরদৌসী মজুমদার। এ ছাড়া মঞ্চের পাঁচ দম্পতিকে দেওয়া হবে যুগল সম্মাননা। উৎসবের পরদিন সন্ধ্যা ৬টায় থাকছে স্মরণ আলোচনা।
মঞ্চের পাঁচ সংগঠক ও কলাকুশলীকে দেওয়া হবে মঞ্চবন্ধু সম্মাননা। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ব্যতিক্রমের নতুন নাটক দুরাশা। একক অভিনয় করেছেন সৈয়দা নওশীন ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম।
ইত্তেফাক/এমএআর