সামরিক ব্যয় হ্রাসে কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ব্যয় হ্রাসে বিশেষ করে এফ-৩৫ যুদ্ধ বিমান কর্মসূচির ব্যয় হ্রাসের উপায় খুঁজে বের করতে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বুধবার সাক্ষাত করেছেন। ট্রাম্প গত সপ্তাহে টুইটারে এক বার্তায় এফ-৩৫ কর্মসূচির ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কঠোর সমালোচনা করার পর ফ্লোরিডায় এসে তার মার-এ-লাগো ক্লাবে তিনি তাদের সঙ্গে এ বৈঠক করেন।
 
এফ-৩৫ কর্মসূচির প্রধান লে. জেনারেল ক্রিস্টোফার বোগডানসহ তিন ও চার তারকার বেশ কয়েকজন জেনারেল ও অ্যাডমিরাল এ বৈঠকে অংশ নেন। এ বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘দেশের ব্যয় হ্রাসের চেষ্টা করা হচ্ছে।’
 
এক্ষেত্রে ‘প্রাথমিকভাবে এফ-৩৫ কর্মসূচির ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। কেননা,এ কর্মসূচির ব্যয় অনেক অনেক বেশি।’ বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থাকা মোট ২ হাজার ৪৪৩ টি এফ-৩৫ বিমানের ব্যয় দাঁড়িয়েছে ৩শ’ ৭৯ কোটি ডলার। তিনি বলেন, এ কর্মসূচির ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ