শিল্পকলার মঞ্চে ‘হ্যামলেট’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘হ্যামলেট’ আবারো মঞ্চায়িত হতে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রয়াত সৈয়দ শামসুল হক রূপান্তরিত এবং আতাউর রহমান নির্দেশিত নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। উইলিয়াম শেক্সপিয়র ‘হ্যামলেট’ নাটকটি রচনা করেন ১৫৯৯ ও ১৬০২ খ্রিস্টাব্দের মধ্যকালীন। এই নাটকটি শেক্সপিয়রের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নাটক হিসেবে সর্বজন স্বীকৃত। নাট্যকাহিনির সূচনা হয় ডেকমার্কের রাজা হ্যামলেটের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে। যিনি ছিলেন তরুণ যুবরাজ হ্যামলেটের পিতা। রাজার মৃত্যুর পর তার কনিষ্ঠ ভ্রাতা ক্লডিয়াস সিংহাসন আরোহণ করেন এবং প্রয়াত অগ্রজের স্ত্রীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। জনককে হারানোর ব্যথা, জননীর সাথে পিতৃব্যের পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া এবং সিংহাসনে আসীন হওয়া যুবরাজের জীবনের মর্মমূলে নাড়া দেয়। তিনি কিছুতেই এই দুর্বিষহ অন্যায় ঘটনাপ্রবাহ মেনে নিতে পারেন না।