দ্বিতীয় বারের মত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।
গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভি।
বেসরকারি ফল অনুযায়ী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন আইভী। নির্বাচনে ১৭৪ কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১০০টি কেন্দ্রের ফল জানা গেছে। এর মধ্যে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫৫ হাজার ২৭৪ ভোট। আইভী ৪৪ হাজার ৮২৩ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়।
নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী (নৌকা) ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. সাখাওয়াত হোসেন খানের (ধানের শীষ) মধ্যে।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যরা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কামাল প্রধান (ছাতা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসলাইল (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের এজহারুল হক (মিনার) ও কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাঘড়ি)।
ইত্তেফাক/ইউবি