জিয়া চ্যারিটেবল মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মামলায় পুনরায় সাক্ষ্য নেওয়ার একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় আগামী ৫ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য প্রদানের জন্য দিন ধার্য রেখেছে আদালত। বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এই আদেশ দেন।
গতকাল বেলা সাড়ে ১১ টায় আদালতে হাজির হন খালেদা জিয়া। এরপর তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি শুনানিতে বলেন, এ মামলার সাক্ষীরা সাক্ষ?্য দেওয়ার শপথ নেওয়ার সময় সৃষ্টিকর্তার নাম নেননি। ফলে শপথ আইন ভঙ্গ হয়েছে। এ নিয়ে একটি রিভিশন মামলা উচ্চ আদালতে বিচারাধীন। এ অবস্থায় মামলার বিচার কার্যক্রম চলতে পারে না। সময় আবেদনের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আজ আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায় সময় চেয়ে আবেদন দাখিলের সুযোগ নেই। এছাড়া যে মামলার কথা বলা হচ্ছে সেখানে কোনো স্থগিতাদেশও নেই। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বিএনপির চেয়ারপার্সনের আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য প্রদানের জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করে দেয়।
ইত্তেফাক/এএন