বাঘায় ২০১৭ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম বলেছেন, ২০১৭ সালের জুন মাসের মধ্যে বাঘা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এ জন্য তিনি এ উপজেলায় গ্রাহক সেবা নিশ্চিত করতে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। 
 
আজ শুক্রবার বেলা ১১টা নাটোর পল্লি বিদ্যুৎ সমিতির-২ এর উদ্যোগে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দ-অমরপুর এলাকায় ২১১ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে  প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মাহাবের সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসানা  বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করতে চান। এ জন্য বিদেশিরা এখন সবধরনের উন্নয়ন খাতে বিনিয়োগে উৎসাহী হচ্ছেন।  
 
তিনি বলেন, বিদ্যুৎ নিতে কোন অতিরিক্ত টাকা লাগেনা। যদি কোন রাজনৈতিক নেতা বিদ্যুৎ নেয়ার জন্য কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার, বাঘা পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান শাহীদ, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, জেলা ছাত্রলীগের নেতা আনোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা হাবিবুর।
 
এ ছাড়াও উপস্থিত ছিলেন- বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  সাইফুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জমিবুর রহমান, চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিযুল আযম, রফিকুল ইসলাম, শফিকুর রহমান শফিক, মহিলা নেত্রী জয়জয়ন্তী সরকার মালতি, বিপাশা খাতুন প্রমুখ। 
 
 
ইত্তেফাক/এমআই