রাজশাহীর চর মাজারদিয়াড় পোস্টের ওপারে ভারতের কাহারপাড়ায় শুক্রবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে গুলি বর্ষণ না করা, মানবপাচার ও চোরাচালান বন্ধে উভয়পক্ষ ঐক্যমত্যে পৌঁছায়।
বিজিবি-১-এর অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, বৈঠকে সীমান্ত সংক্রান্ত দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সীমান্তে গুলি বর্ষণ না করা, মানবপাচার বন্ধ করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে দুই বাহিনীই একমত হয়।
পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান। বিএসএফের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৮৩ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট জিবু ডি মেথেউ।
ইত্তেফাক/ইউবি