রাজশাহী কলেজের ছাত্রী হোস্টেল থেকে নাজমা খাতুন (২৫) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কলেজ হোস্টেলের ১১৫ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার কর হয়।
তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর টালিবাজার গ্রামের আবু তাহের মেয়ে। তিনি রাজশাহী কলেজ থেকে স্নাতক সম্মান উত্তীর্ণ হয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য কলেজের হোস্টেলে থাকতেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান জানান, ছাত্রী হোস্টেলের ১১৫ নম্বর কক্ষে নাজমাসহ দুজন থাকতেন। নাজমার রুমমেট কয়েকদিন আগে গ্রামের বাড়ি গেছেন। নাজমা একাই ছিলেন। শুক্রবার সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এলেও তার কক্ষের দরজা খুলছিল না। এ সময় অন্য আবাসিক শিক্ষার্থীরা হোস্টেলের কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন। এক পর্যায়ে দরজা খুলে যায়। এ সময় তারা জানালার সঙ্গে নাজমার ঝুলন্ত লাশ দেখে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, মেয়েটি রুমে একা থাকায় সে হয়ত রাতেই ফাঁস দিয়েছে। তার শরীর অনেক ঠাণ্ডা ছিল। মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল।
তার রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে ওই নোটে কি লিখা আছে তা জানা যায়নি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ওই ছাত্রীর কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি