ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন দয়াপুরে ও দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট বাজার এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের সদর দক্ষিণ থানাধীন দয়াপুর নামকস্থানে দাঁড়িয়ে থাকা একটি মুরগীবাহী পিকআপ ভ্যানকে পেছন দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও হেলপারসহ ৪ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- পিক আপভ্যান চালক সুমন দাস (৩২), হেলপার ইসমাঈল হোসেন (২২), মনসুর আলী (১৮) ও ময়নাল হোসেন (২০)।
পুলিশ আরো জানায়, অপর দুর্ঘটনাটি ঘটে মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট বাজার মোড়ে। সেখানে একটি ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়। তার নাম আগর আলী (২০)।
পুলিশ জানায়, পৃথক দুর্ঘটনায় দু’টি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। -বাসস।
ইত্তেফাক/এমআই