ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছেন, 'ভেতরে তিনজন রয়েছেন। তাদের কাছে প্রচুর এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও সুইসাইডাল ভেস্ট রয়েছে।'
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করা বাড়িটির সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটি) জানতে পারে- দক্ষিণখানের ৫০ নম্বর বাড়ির ভেতর জঙ্গি আছে। পরে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ওই বাড়ির চার দিক ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ডিএমপি কমিশনার বলেন, সিটির কাছে তথ্য ছিল, জঙ্গিদের কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলাবারুদ, অস্ত্র ও অন্যান্য বিস্ফোরক দ্রব্যাদি ছিল। সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গিদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছিল। পরে যোগাযোগ করে জানা যায়, ওই বাড়ির ভেতর সাত জঙ্গি আছে।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই সাতজনের মধ্যে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদের ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মসমর্পণের সময় তারা একটি পিস্তল ও ছয়টি গুলি পুলিশের হাতে দিয়েছে। এখনো ভেতরে যে তিন জঙ্গি রয়েছে, তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে রাজি নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের জীবিত আটক করার চেষ্টা চালাচ্ছে।
ইত্তেফাক/কেকে