‘ফোর্বস ইন্ডিয়া ১০০ সেলিব্রেটি’ তালিকায় শীর্ষ আয়ের তারকাখ্যাতি লুফে নিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এমনকী কিং শাহরুখ, ক্রিকেটার বিরাট কোহলির মতো তারকাদের টপকিয়ে শীর্ষের জায়গা করে নিয়েছেন সল্লু মিঙা।
সালমান ২৭০.৩৩ কোটি রুপি আয় করে তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন। যদিও তারকাখ্যাতিতে দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০১৫ সালের শেষে সুরাজ বার্জাতিয়া পরিচালিত প্রেম রতন ধন পায়ো ও ২০১৬ সালে সুলতান সিনেমা দিয়ে বক্স অফিসে মাত করেন তিনি। ১০০ তারকার মোট ২৭৪৫ কোটি রুপি আয়ের ৯.৮৪ শতাংশ আয় করেছেন এ অভিনেতা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড কিং শাহরুখ খান। তার আনুমানিক আয় ২২১.৭৫ কোটি রুপি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও তারকাখ্যাতির দিক থেকে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। সিনেমা ও ব্র্যান্ডের দূত হিসেবে কাজ করে ভালো-মন্দ মিলিয়ে বছর পার করেছেন তিনি।
তারকাখ্যাতির র্যাঙ্কিংয়ের বিচারে ভারতীয় ক্রিকেটার ও টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ভারতে সবার চেয়ে এগিয়ে। গত বছর ৭ নম্বরে থাকলেও ১৩৪.৪৪ কোটি রুপি আয় করে এ বছর ভারতের ১০০ সেলিব্রেটির তালিকায় তৃতীয় স্থানে বিরাট।
IMG0
অক্ষয় কুমার তারকাখ্যাতিতে র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে। তবে ফোর্বসের ১০০ সেরা তারকার তালিকায় তার অবস্থান চতুর্থ। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
শীর্ষ ১০ আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন (ষষ্ঠ), শচীন টেন্ডুলকার (সপ্তম), প্রিয়াঙ্কা চোপড়া (অষ্টম), অমিতাভ বচ্চন (নবম) এবং হৃতিক রোশান (দশম)।
গত ১ অক্টোবর ২০১৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখের মধ্যে তারকাখ্যাতি ও আয় এ দুটি বিষয় বিবেচনা করে ফোর্বস এ তালিকা তৈরি করেছে। খবর ফিনান্সিয়াল এক্সেপ্রস, ইন্ডিয়ান এক্সেপ্রস।
ইত্তেফাক/এমএআর