যুক্তরাষ্ট্রের সিয়াটলে ব্যস্ত সড়কে দুটি মোটরগাড়ি ও একটি বাসে বন্দুকধারীর গুলি এবং তার ছিনিয়ে নেওয়া গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সিয়াটলের উত্তরপূর্বাংশের এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী প্রথমে ব্যস্ত সড়কের মোড়ে একটি মোটরগাড়ির নারী চালকের ওপর গুলি চালান; এরপর সড়কে নেমে একটি বাসের দিকে গুলি ছোড়েন। শরীরে গুলি লাগলেও বাসচালক তাত্ক্ষণিকভাবে যাত্রীসহ বাসটি ঘুরিয়ে বন্দুকধারীর আওতার বাইরে চলে যান। ৫৩ বছর বয়সী গুলিবিদ্ধ এ বাসচালকের নাম এরিক স্টার্ক বলে পরে জানিয়েছে সিয়াটল টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম। বাসের পর সন্দেহভাজন বন্দুকধারী একটি টয়োটা গাড়িতে গুলি চালিয়ে এর চালককে হত্যা করেন।
পুলিশ ঘটনাস্থলে এলে বন্দুকধারী টয়োটা গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিকটবর্তী অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে অপর গাড়িটির চালকের মৃত্যু হয়। কর্মকর্তারা পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেন বলে জানিয়েছে পুলিশ।