ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর এর ধ্বংসাবশেষের কারণে মহাশূন্য ‘নোংরা’ হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানন। ভারত বুধবার মহাশূন্যে নিজেদের একটি উপগ্রহকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করার পর তিনি এ সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র ভারতের ওই পরীক্ষা কার্যক্রম খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন শ্যানন।

ভারতের দাবি, তারা পৃথিবীর নিচের দিকের কক্ষপথে ওই পরীক্ষাটি চালিয়েছে; যে কারণে ধ্বংসাবশেষ অল্প সময়ের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে।  ‘মিশন শক্তি’ নামের এ পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাশূন্যে ক্ষেপণাস্ত্র দিয়ে উপগ্রহ ধ্বংসের পারদর্শিতা প্রমাণ করল।