১১০ মুক্তিযোদ্ধা পুলিশকে সংবর্ধনা প্রদান

বগুড়ায় স্থায়ীভাবে বসবাসরত ১১০ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা পুলিশ প্রশাসন। শনিবার দুপুরে স্থানীয় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
 
জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য  অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
 
অনুষ্ঠানে জেলার অতিরিক্ত ৩ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, আব্দুল জলিল ও মুনিরা সুলতানা এবং জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) জমির উদ্দিন ও মাহবুব হোসেন কাজল এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে জেলার স্থায়ী বাসিন্দা কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ১১০ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট প্রদান করার পর উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
 
ইত্তেফাক/এসএস