মাধবপুর টয়লেট থেকে পাইপগান ও ককটেল উদ্ধার

 
মাধবপুরে টয়লেট থেকে দেশি পাইপগান ও ৯টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
 
রবিবার দেড়টার সময় মনতলা বাজারে নিজ মার্কেটের পেছনে থাকা টয়লেট তালাবন্ধ দেখতে পেয়ে সন্দেহ হয় মার্কেটটির মালিক শাহ আলম মিয়ার। এ সময় তিনি স্থানীয় চেয়ারম্যান আরিফুল ইসলামকে খবর দেন। পরবর্তীতে স্থানীয় পুলিশ (তদন্ত) এএসআই মাসুম এসে তালা ভেঙে একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় ব্যাগের ভেতর থেকে পাইপগান ও গ্রেনেডগুলো পাওয়া যায়।
 
মাধবপুর থানার ওসি সাজেদুল ইসলাম, হাশিমপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান এবং মাধবপুর থানার সেকেন্ড অফিসার আশিস কুমার মিত্র জনগণের সামনে ঐ মালামাল উদ্ধার করে নেয়। এ সময় ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম ঘোষণা করেন, এই মালামাল সম্পর্কে তথ্য দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।
 
চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, মনতলা বাজারে কোন নাশকতা ঘটানোর জন্য এ গুলো রাখা হতে পারে।
 
মার্কেটের মালিক শাহ আলম জানান, আমার সঙ্গে কারো বিরোধ নেই। তবে আমাকে ফাঁসানোর জন্য অথবা কোন নাশকতা করতেই এই মালগুলো এখানে রাখা হয়।
 
ইত্তেফাক/আরএ