জলদস্যুদের গ্রেফতার এবং জিম্মিদের উদ্ধারের জন্য সুন্দরবনের গহীন অরণ্যে র্যাব-৬ খুলনার সদস্যরা বিশেষ অভিযান শুরু করেছে। রবিবার ভোর থেকে খুলনার কয়রাস্থ সুন্দরবনের গোওয়াখালী, মরা কাগা এবং আদাচাই এলাকায় এ অভিযান শুরু হয়েছে।
র্যাব-৬ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-৬'র স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান এবং সিনিয়র এএসপি মো. নূরুজ্জামানের নেতৃত্বে সুন্দরবনের গোওয়াখালী, মরা কাগা এবং আদাচাই এলাকায় অভিযান শুরু হয়।
র্যাব-৬'র পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম সুন্দরবনের বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জলদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের গোওয়াখালী, মরা কাগা এবং আদাচাই এলাকায় ২০/২৫ জন জেলেকে জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারের লক্ষ্যে বিশেষ এ অভিযান পরিচালনা করা হচ্ছে।'
তবে রবিবার বিকাল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাব সদস্যরা দস্যুদের ব্যবহৃত কয়েকটি নৌযান এবং অন্যান্য মালামাল জব্দ করেছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা স্থান পরিবর্তন করায় তাদের সন্ধান নির্ণয় ও আটকে সময় লাগছে।
ইত্তেফাক/এসএস