বিজয় দিবসের ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌ বাহিনী। সোমবার বেলা পৌনে তিনটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখ হবে দল দুটি।
গত সোমবার থেকে শুরু হয় ‘মার্সেল বিজয় দিবস হকি টুর্নামেন্ট-২০১৬’। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ছয়টি দল অংশ নেয়। ইতিমধ্যে গ্রুপপর্ব ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হন দুই দলের কোচ, অধিনায়ক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তা। উভয় দলের অধিনায়ক ও কোচদ্বয় ভালো খেলে শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় ও বাংলাদেশ নৌ বাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, ‘বাংলাদেশ নৌ বাহিনীর হয়ে দ্বিতীয়বারের মতো বিজয় দিবস টুর্নামেন্ট খেলছি। আমাদের দলে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। গ্রুপপর্বের শেষ ম্যাচে আমরা সেনাবাহিনীর সঙ্গে ড্র করেছিলাম। তবে টুর্নামেন্টের শেষ ম্যাচটি ভালোভাবে খেলে শেষ করতে চাই। সেনাবাহিনী নিঃসন্দেহে ভালো দল। তবে আমি মনে করি আমরা আমাদের সেরাটা দিয়ে খেললে ভালো ফল আসবে।’
নৌ বাহিনীর কোচ নুরুন্নবী বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ভালো খেলার চেষ্টা করেছি এবং খেলেছি। যদিও সেনাবাহিনী বেশ ভালো দল, তারপরও আশা করছি আগামীকালকের ফাইনালেও আমরা ভালো খেলা উপহার দিতে পারব এবং চ্যাম্পিয়ন হতে পারব।’
বাংলাদেশ সেনাবাহিনীর সহকারী কোচ সিরাজুল ইসলাম বলেন, ‘চূড়ান্ত খেলা। সেটাকে সামনে রেখে আমরা প্রস্তুত। নেভি খুবই ভালো দল। তাদের দলে অনেক জাতীয় দলের খেলোয়াড় রয়েছে। আশা করছি তাদের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করতে পারব এবং ট্রফি নিয়ে যেতে পারব।’
সেনাবাহিনীর অধিনায়ক আবু সালাম বলেন, ‘মার্সেল বিজয় দিবস হকির ফাইনাল খেলা। ফাইনালে আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ নৌ বাহিনী। আমরা প্রায় সবগুলো টুর্নামেন্টেই অংশ নেওয়ার চেষ্টা করি এবং ভালো ফলও করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি ভালো খেলা উপহার দিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারব।’
ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটন গ্রুপ হকি ফেডারেশনের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে। তারই অংশ হিসেবে বিজয় দিবস হকির সঙ্গে সম্পৃক্ত হওয়া। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ বাহিনী। টুর্নামেন্টটির যাতে সফল পরিসমাপ্তি হয় সেই কামনা করি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ১০ হাজার ও সেরা খেলোয়াড় ১০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলের খেলোয়াড়দের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।’
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল, এমপি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
ইত্তেফাক/এমএইচ