টিএসসিতে সঞ্জীব উত্সব

‘হাতের উপর হাতের পরশ রবে না’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ এমন সব বিখ্যাত গানের জন্ম দেয়া অকাল প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে গানে গানে স্মরণ করলেন তার শিষ্যতুল্য শিল্পীরা। গতকাল ছিলো সাংবাদিক ও শিল্পী-গীতিকার সঞ্জীব চৌধুরীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঞ্জীব চত্বরে সঞ্জীব উত্সব উদযাপন পর্ষদ আয়োজন করে সঞ্জীব উত্সব। এতে সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। বিকাল থেকে রাত পর্যন্ত উত্সবে সঙ্গীত পরিবেশ করে সঞ্জীব চৌধুরীর ব্যাড দলছুট, মেঘদল, চিত্কার, পরিধি, গুণপোকা-দ্যা ব্যান্ড, গানকবি, অর্জন, নোনতা বিস্কুট, অনুরণন, ত্রি ব্যঞ্জন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সোসাইটি। সঙ্গীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার, জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদ।

 
গ্যালারি টুয়েন্টি ওয়ানে যৌথ চিত্রকর্ম প্রদর্শনী
 
চার শিল্পীর দল ‘আর্ট বিট’। এর সদস্যরা হলেন শামা শায়ম, নাজমুন আকতার, নাজিয়া খান তিথি ও প্রভাতী ঝর্ণা। চলতি সময়ে তাদের আঁঁকা চিত্রকর্ম নিয়ে গতকাল রাজধানীর ধানমণ্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে দশ দিনব্যাপী চিত্র প্রদর্শনী— ‘রিদম অন ক্যানভাস’। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী জামাল আহমেদ এবং অধ্যাপক মোস্তাফিজুল হক।
 
জীবনের নাটক, প্রকৃতি, সুরের মূর্ছনার মতো যাপিত জীবনের গল্প উঠে এসেছে প্রদর্শনীর ছবিগুলোতে। শিল্পীরা তাঁদের কাজে চেষ্টা করেছেন মানব জীবন, ভালোবাসার সমন্বয়ে ছন্দের মূলভাব তুলে ধরতে।
 
প্রদর্শনী চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে গ্যালারি।

ইত্তেফাক/এএন