আগামীকাল ২৭ ডিসেম্বর এক যুগে পা রাখছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী, বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বাণীতে বৈশাখী টেলিভিশনের উত্তরত্তোর সফলতা কামনা করেছেন তাঁরা। সকল সংকট অতিক্রম করে বৈশাখী টেলিভিশন আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বৈশাখী টিভি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে ২৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরীসহ রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় দ্বিতীয় দফায় জন্মদিনের কেক কাটবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। এসময় মন্ত্রী পরিষদ সদস্য, রাজনীতিবিদ, শিল্প ও সাংস্কৃৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের পর্দায় দিনব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে নানা অনুষ্ঠান।
২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বৈশাখী টেলিভিশন পেশাগত দক্ষতা ও সততা দিয়ে সংবাদ পরিবেশন ও সময় উপযোগী অনুষ্ঠান নির্মাণে সবসময় যত্নশীল।
বৈশাখীর সাথে থাকার জন্য দর্শক, বিজ্ঞাপনদাতা, শিল্পী-কলাকুশলী, ক্যাবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।
ইত্তেফাক/এমএআর