টাইগারদের পরে এবার ম্যানকুইন চ্যালেঞ্জে ভারতীয় ক্রিকেটাররা

আইস বাকেট চ্যালেঞ্জের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে ম্যানেকুইন চ্যালেঞ্জ। কিছুদিন আগে রুয়াকা বিচে এই চ্যালেঞ্জে নামেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও।
 
সর্বশেষ রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী ভারতীয় দলের তেমনই একটি ম্যানেকুইন চ্যালেঞ্জ ভিডিও টুইটারে পোস্ট করে।
 
৮১ সেকেন্ড দীর্ঘ ভিডিওটিতে দেখানো হয়েছে প্রায় প্রতিটি খেলোয়াড়ই বিভিন্ন ভঙ্গিতে একেবারে ফ্রিজ হয়ে রয়েছে, আর তাদেরকে দেখাতে ক্যামেরা চলছে। ভিডিওটি শুরু হয় অধিনায়ক বিরাট কোহলি সদ্য প্রাপ্ত ট্রফিটি উঁচুতে তুলে তাতে চুমু খাচ্ছে, সেই দৃশ্য দিয়ে। এরপর একে একে ক্যামেরায় ধরা পড়ে অন্যান্য খেলোয়াড়রা। রবিন্দ্র জাদেজা ও উমেশ যাদব একসাথে দাঁড়িয়ে আছে, ইশান্ত শর্মা অন্যান্য খেলোয়াড়দের দিকে হাত তুলে দেখিয়ে দিচ্ছে, চেতশ্বর পুজারা তার ব্যাটটি পরীক্ষা করছে, তার সাথে আছে মুরালি বিজয়। টেস্ট সিরিজে একটি ম্যাচও মাঠে না নামা মনীশ পান্ডে ট্রিপল সেঞ্চুরি করা করুন নায়ারকে ম্যাচ সেরা পারফরমেন্সের জন্য অভিনন্দন জানাচ্ছে।
 
পার্থিব প্যাটেল ও জয়ন্ত যাদব কেএল রাহুলে সাথে খুনসুটি করছে। এর পরপরই ক্যামেরা যখন বিরাটের কাছে ফিরি আসে তখন পুরো দল, কোচ ও সহযোগী স্টাফরা একসাথে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেন।
 
এর আগে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ধারাভাষ্য দেয়া দলটি এই চ্যালেঞ্জ করে দেখিয়েছে। ধারাভাষ্য দেবার বক্সটিতে এই ম্যানেকুইন চ্যালেঞ্জে অংশ নেন সঞ্জয় মাঞ্জেরেকার, আকাশ চোপড়া, কপিল দেব, মাইক আর্থারটন, ইয়ান বোথামসহ অন্যান্যরা।
 
উল্লেখ্য বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের হোম সিরিজে ভারত ৪-০ ব্যবধানে জয়ী হয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছে।
 
ইত্তেফাক/এমএইচ