গাছে বিরল বন্য প্রাণী, উৎসুক জনতার ভিড়

নাটোরে বিরল এক বন্য প্রাণীর সন্ধান মিলেছে। সোমবার সকাল থেকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের একটি মেহগণি গাছে প্রাণীটি আশ্রয় নেয়। 
 
খবর পেয়ে রাজশাহী থেকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের একটি দল প্রাণীটি উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। 
 
নাটোর বন বিভাগের কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পাশে মেহগণি গাছে বিরল প্রাণীটি দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি জানাজানি হলে ওই গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন প্রাণীটি দেখতে গাছের নিচে ভিড় জমায়। উৎসুক জনতা প্রাণীটিকে মেছো বাঘ, বনবিড়াল, কোলঘুট নানা নামে বিশেষায়িত করে। প্রাথমিকভাবে প্রাণীটিকে বড় জাতের মেছো বিড়াল বলে ধারণা করা হচ্ছে। মানুষজনকে সরিয়ে মেছো বিড়ালটিকে নিরাপদে সরে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ।  
 
ইত্তেফাক/ইউবি