সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে অধিকার নিশ্চিত করতে হবে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে ধর্মীয় সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তাসহ তাদের সকল নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। 
 
তিনি বলেন, জাতীয় পার্টি আবার যদি ক্ষমতায় যেতে পারে- তাহলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা হবে, তাদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা থাকবে। সংখ্যালঘুরা যাতে কোন ভাবে বঞ্চিত না হয় তার জন্য সংসদে সংরক্ষিত আসন, সরকারি চাকুরী এবং উচ্চ শিক্ষার সুযোগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
 
আজ সোমবার তাঁর বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে শুভ বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খ্রিস্টান সম্প্রদায়ের গাজীপুর অঞ্চলের নেতা মি. ডেভিড গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য বাখেন জাতীয় পার্টির কো-চেয়াম্যান জি.এম. কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে পিউস গমেজ ও রনি গমেজ। 
 
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ভাইয়েরা দেশকে সম্মানিত করেছেন। কারণ, এবার আমাদের দেশ থেকে প্রথমবারের মতো খ্রিস্ট জগতের কার্ডিনাল নিযুক্ত হয়েছেন। 
 
তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামলে পোপ তৃতীয় জনপল বাংলাদেশে সফর করেছেন। ওই সময় রাষ্ট্রপতি হিসেবে আমি প্রথমবার ভ্যাটিকান সফর করে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমার শাসনামলে সংখ্যালঘুদের নির্যাতনের শিকার হতে হয়নি। তাদের জানমালের নিরাপত্তা ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি সকল সম্প্রদায়ের জনগণকে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।-বাসস।
 
 
ইত্তেফাক/এমআই