জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়, এজন্য যৌথভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে এবং পাশাপাশি ইতোমধ্যে যারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্চিনিয়ার্স অডিটরিয়ামে আয়কর আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনবিআরের সদস্য (ট্যাকসেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক ও মীর মুস্তাক আলী,বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি মনিরুল হুদা, মহাসচিব এম এ গফুর মজুমদার, ঢাকা ট্যাক্স বার এসোসিয়েশনের সভাপতি মো. আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক সরদার আকিল আহমেদ ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।
আয়কর আইনজীবীদের এনবিআর এবং করদাতাদের মধ্যে সেতুবন্ধনের কাজ করার আহ্বান জানিয়ে নজিবুর রহমান বলেন, ‘করদাতারা যাতে কর প্রদানে উদ্বুদ্ধ হয়, এজন্য আপনারা কাজ করবেন। আপনারা এমন কিছু করবেন না যাতে করদাতারা কর অফিসে আসতে ভয় পান।’বাসস
ইত্তেফাক/ইউবি