শিক্ষার মান বাড়াতে পরীক্ষার চাপ কমাতে হবে: সেমিনারে বক্তারা

 
শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমানোর পক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, পাঠ্যবইয়ে আবদ্ধ রেখে শিক্ষার্থীদের মেধাবী করে তোলা সম্ভব নয়।
 
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের বাইরের জগত সম্পর্কে ধারণা দিতে হবে, প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এ সেমিনারের আয়োজন করে।
 
উপাচার্য আরো বলেন, আজকাল অভিভাবকরা তাদের সন্তানদেরকে জিপিএ-৫ পাওয়াতে মরিয়া হয়ে চেষ্টা করছেন। উপাচার্য অভিভাবকদের এই কর্মকাণ্ডের সমালোচনা করেন।
 
সেমিনারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণি মর্যাদায় ক্রসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়ন ও দশম গ্রেডে বেতন নির্ধারণসহ বিভিন্ন সুপারিশ প্রস্তাব করেন।
 
সুপারিশমালার মধ্যে রয়েছে- জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণি মর্যাদায় ক্রসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়ন ও দশম গ্রেডে বেতন নির্ধারণ, সহকারী শিক্ষক থেকে পরিচালক পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান, শিক্ষকদের জন্য স্বতন্ত্র উচ্চতর বেতন স্কেল, প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিস প্রবর্তন, প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা।
 
সংগঠনের সভাপতি আতিকুর রহমান আখতারের সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক্তণ মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. গাজী সালেহ উদ্দিন, গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক, কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সিরাজুল হক আলো প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএম।