গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. রফিকউল্লাহ্ সেলিম (কাপ-পিরিচ মার্কা) এর নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কাপ-পিরিচ মার্কার তিনজন সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তিরা হলেন, উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকার আলী আহমদ ঢালীর ছেলে মো. মমিনুল হক ঢালী (৩৩), চরপাথালিয়া এলাকার মৃত ধন মিয়ার ছেলে মো. হাসান মিয়া (৩০) ও ভবেরচর এলাকার ব্যবসায়ী সবুজ মিয়া (২৮)। এদের মধ্যে মমিনুল হক ঢালীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক আবু হোসেন জানান, বুধবার সন্ধ্যা ৭টায় ভবেরচর এলাকায় নিজ বাড়ির উঠানে কাপ-পিরিচ মার্কার নির্বাচনী ক্যাম্পে, ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়া নিয়ে সমর্থকদের সাথে আলোচনা চলছিল। এ সময় রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ ঘটনায় তিনজন আহত হয়। আহতদেরকে গজারিয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, সকালেও হামলাকারীরা নির্বাচনী প্রচার ক্যাম্পে তালা লাগিয়ে দিয়েছিল। পরে থানা পুলিশের সহযোগিতায় তালা ভেঙে তারা অফিস পরিচালনা করেন।  এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমি প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে। এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, পুরো ঘটনাটিই দুঃখজনক। তবে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীর সংবাদ সম্মেলন

নির্বাচন কেন্দ্র করে ভোট কেন্দ্র দখল, আচরণবিধি লঙ্ঘন, সমর্থকদের মারধর, নির্বাচনী প্রচার ক্যাম্প ভাঙচুর ও প্রার্থীকে হুমকিসহ নানা অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ মার্কা) মো. রফিকউল্লাহ্ সেলিম সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবেরচর বাজারে নিজ বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।