বাঘাইছড়িতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক দুই

রাঙ্গামাটির বাঘাইছড়ির নয় মাইল এলাকায় সংঘটিত বহুল আলোচিত হত্যাকাণ্ডের দুইজন সন্দেহভাজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে লংগদু সেনা জোনের দুইটি পৃথক দল যৌথ খামার এলাকায় অভিযান চালিয়ে ত্রিদিব চাকমা এবং লংগদু এলাকা থেকে লারে চন্দ্রকে আটক করে। 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর অভিযানে দুই জন আটকের কথা স্বীকার করলেও এখনো পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়নি বলে জানান। জানা যায়, আটককৃত ত্রিদিব চাকমা জেএসএস (মূল) দলের এবং লারে চন্দ্র ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য। আটককৃতদের মধ্যে লারে চন্দ্র ওই এলাকায় অবৈধ চাঁদা সংগ্রহের সঙ্গেও জড়িত।

উল্লেখ্য, ১৮ মার্চ ২০১৯ তারিখে বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় নয় মাইল নামক এলাকায় দুটি চান্দের গাড়ির ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ৭ জন নিহত এবং ১৮ জন আহত হন। হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে এবং এরই ধারাবাহিকতায় দুইজনকে আটক করা হলো।