জর্জ মাইকেলের জন্য বলিউড তারকাদের ভালবাসা

গত ২৫ ডিসেম্বর ব্রিটিশ পপ গায়ক জর্জ মাইকেল মারা গেছেন। মাত্র ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী শিল্পী।
 
গান গাওয়ার পাশাপাশি জর্জ মাইকেল ছিলেন সুরকার এবং গীতিকারও। তার মৃত্যুতে বিশ্বের অন্যান্য দেশের মতো শোকাহত বলিউড শোবিজ তারকারা। নিজেদের জায়গা থেকে তার প্রতিক্রিয়াও জানিয়েছেন এসব ব্যক্তিত্ব।  
 
‌‘বিদায় জর্জ মাইকেল। তোমার সংগীত চিরদিন আমাদের পাশে থাকবে।’ টুইটে একথা ব্যক্ত করেছেন ভারতীয় সঙ্গীত তারকা এ আর রহমান।
 
নির্মাতা প্রযোজক করন জোহর বলেন, ‘নির্মম পরিহাস! ক্রিসমাসেই চলে গেলেন ‘লাস্ট ক্রিসমাস’ খ্যাত এ সংগীত তারকা। চিরবিদায় জর্জ মাইকেল। তোমার স্মৃতি চির অম্লান হয়ে থাকবে আমাদের হৃদয়ে।’ 
 
সংগীতশিল্পী আদনান সামি লিখেছেন, এটা বিশ্বাস করা সম্ভব নয় যে জর্জ মাইকেল আর নেই! তার মতো এত বড় একজন শিল্পীর প্রস্থান মেনে নেয়া যায় না। তিনি ছিলেন বড় মাপের সংগীতশিল্পী। একজন বড় অনুপ্রেরণা।
 
অভিষেক বচ্চন লিখেছেন, চিরবিদায় জর্জ মাইকেল। অভিনেত্রী টুইঙ্কেল খান্না বলেন, তার অসংখ্য পোস্টার এখনো আমার ঘরজুড়ে রয়েছে। এভাবেই জর্জ মাইকেল আমাদের মনের মধ্যে বেঁচে থাকবেন আজীবন।
 
কলকাতার সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ বলেন, জর্জ মাইকেল আমার অন্যতম প্রিয় সংগীতশিল্পী ছিলেন। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। বিদায় মাইকেল।
 
আশির দশকে দারুণ খ্যাতি অর্জন করেন তিনি। একক অ্যালবাম বের করার আগে অ্যান্ড্রু রিজলির সঙ্গে গড়ে তুলেছিলেন ‘হোয়াম’! তবে ১৯৮৬ সালে তা ভেঙে গেলে একক ক্যারিয়ার গড়ে তোলেন এ কিংবদন্তী। আটবার গ্রামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে দুইবার এ পদক জয়লাভ করেছেন। দর্শকপ্রিয় অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়ে গেছেন
 
ইত্তেফাক/এমএআর