বার্সেলোনায় ব্রাত্য ইনিয়েস্তায় নজর জুভেন্টাসের

বার্সেলোনা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আন্দ্রেস ইনিয়েস্তার। নিজ থেকে সেই ঘোষণা দেয়ার পরও তাকে ধরে রাখার ন্যুনতম তোড়জোড়টুকুও নেই কাতলান ক্লাবটির।
 
এ নিয়ে ভেতরে ভেতরে 'হয়ত' আহত ইনিয়েস্তা, কিন্তু তাতে আর কি যায়-আসে জুভেন্টাসের। তারা বরং মহাখুশি, বার্সেলোনায় ইনিয়েস্তার এই 'ব্রাত্য' হয়ে যাওয়ার সুযোগটা কাজে লাগাতে চাইছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটি।
 
গুঞ্জনকারীদের দাবি, ফুটবলারদের দল বদলের মৌসুমে বার্সেলোনা অধিনায়ককে পেতে তক্কে তক্কে আছে জুভেন্টাস। প্রাথমিক আলোচনাও চালিয়ে যাচ্ছে তারা।
 
২০১৭-২০১৮ মেয়াদের পর চুক্তি অনুযায়ী ইনিয়েস্তার সাথে সকল সম্পর্ক চুকেবুকে যাবে বার্সেলোনার। কানাঘুষার খবর, স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে চুক্তি নবায়নের কোনো আগ্রহ নেই কাতলান ক্লাবটির। আর এই সুযোগকে কাজে লাগাতে এজেন্টের মাধ্যমে ইনিয়েস্তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জুভেন্টাস।
 
সম্প্রতি উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের সাথে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। আগের চুক্তি মোতাবেক ২০১৯ সাল পর্যন্ত তার বার্সেলোনায় থাকার কথা। তবে চুক্তি নবায়ন হওয়ায় ২০২১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি।
 
অক্টোবরে নেইমারের সাথেও চুক্তির মেয়াদ বাড়ায় বার্সেলোনা। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকছেন ব্রাজিলের সুপারস্টার।
 
সুয়ারেজ-নেইমারের পর এবার আগের চুক্তির মেয়াদ বাড়াতে লিওনেল মেসির সাথেও আলোচনা শুরু করেছে বার্সা। কিন্তু এ নিয়ে ইনিয়েস্তার সাথে আলোচনার কোনো ন্যুনতম চেষ্টাও নেই তাদের।
 
যদিও দিন দুই আগে খেলাধুলা বিষয়ক দৈনিক 'মন্দো দেপর্টিভো'কে দেয়া সাক্ষাতকারে ইনিয়েস্তা ঘোষণা দিয়েছেন, 'দীর্ঘ সময় ধরে' বার্সার হয়ে খেলে যেতে চান তিনি।
 
ইত্তেফাক/এএম