ক্রিকেট খেলা নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের লাখাইয়ে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ৮ জন দাঙ্গাবাজকে আটক করে। তাদের মধ্যে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৪ রাউন্ড শটগানের গুলি ও ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
স্থানীয়রা জানায়, ওই উপজেলার সাতাউক গ্রামে দু’দলের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আবুল কালাম এবং ইউপি মেম্বার জালাল মিয়ার লোকজনের মধ্যে সোমবার বিরোধ দেখা দেয়। এ নিয়ে ঝগড়াও হয়। এর জের ধরে রাত থেকেই উভপক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্র মজুদ করতে থাকে। খবর পেয়ে রাতে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম, মোজাম্মিল হক ও মোছাব্বির মিয়াকে আটক করে। এ সময় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মঙ্গলবার সকালে উভয়ের পক্ষের লোকজন ফের সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। সকাল সাড়ে ১০টায় তারা সশস্ত্র অবস্থায় একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে মোশাররফ মিয়া, মঈন উদ্দিন, রাজিক, নাজিম ও জহিরুল ইসলাম নামে আরও ৫ জনকে আটক করা হয়।
 
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, সোমবার রাতে আটক আবুল কালাম, মোজাম্মিল হক ও মোছাব্বির মিয়াকে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 
 
 
ইত্তেফাক/এমআই