কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নির্বাচনে ফরিদপুরে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন প্রার্থী। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলার ১২টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপার, ভোট বাক্সসহ বিভিন্ন সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামসহ নির্বাচন অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানিয়েছেন, ইতি মধ্যে এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, দুইজন নারী সদস্য ও পাঁচজন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, 'বর্তমানে তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং ১০টি সাধারণ কাউন্সিল পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ১২টি ভোট কেন্দ্রে ১১শ ৩৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে কাউন্সিলর নির্বাচিত করবেন।'
এছাড়া নির্বাচনের নিরাপত্তায় প্রতি কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সদস্য মোতায়েন ছাড়াও প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
ইত্তেফাক/এসএস