বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শিলাদেবীর ঘাটে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেলুন শ্রমিক শাহিন মিয়া হত্যা মামলার আসামি সন্ত্রাসী বিশাল (২৩)। এ সময় বিশালের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বিশাল মহাস্থান নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। এছাড়াও এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার সন্ত্রাসী বিশালকে পুলিশি পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ঘটনায় আহত ২ পুলিশ কনস্টেবল জুয়েল রানা ও ফারুকুল ইসলাম বগুড়া পুলিশ লাইন্স হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে রাতে বিশালের নেতৃত্বে ৩-৪ জন সন্ত্রাসী শিলাদেবীর ঘাট এলাকায় অবস্থান নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলো। গোপন খবর পেয়ে সেখানে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী বিশাল গুলিবিদ্ধ হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বিশালকে গ্রেফতার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুলিশের দুইজন কনস্টেবল আহত হন।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মহাস্থান ডিগ্রি কলেজের সামনে সেলুন শ্রমিক শাহিন মিয়াকে হত্যা করা হয়। সন্ত্রাসী বিশাল এ হত্যাকাণ্ডের মূলহোতা। হত্যা মামলা ছাড়াও বিশালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এএম।