যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, ‘ই-ফাইলিং প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম আরো গতিশীল হবে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে আমরাও এগিয়ে যাব।’
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ই-ফাইল (নথি) ব্যবস্থাপনা বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে জায়গা করে নেবে। যেখানে ই-ফাইলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়া সংশ্লিষ্টদের অধিকতর সেবাপ্রদান সহজতর হবে।’
আধুনিক নথি ব্যবস্থাপনায় ই-ফাইলিং বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। ইতোমধ্যে বাংলাদেশের ৭২০ প্রতিষ্ঠানে ই-ফাইলিং ব্যবস্থাপনা শুরু হয়েছে। বর্তমান সরকার আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্ভাব্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ই-ফাইলিং ব্যবস্থাপনা শুরু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) অশোক কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের খোরশেদ আলম খান। দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে পালাক্রমে ১৮জন কর্মকর্তা এবং কর্মচারী অংশ নিচ্ছেন।
ইত্তেফাক/এমএইচ